মহেশখালী থানা পুলিশের অভিযানে ৮টি অস্ত্রসহ দু’জন আটক,
দেশের বিভিন্ন প্রান্তে অস্ত্র পাচারের আশঙ্কা
কক্সবাজারের মহেশখালীতে থানা পুলিশের বিশেষ অভিযানে ৮টি অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, উদ্ধার হওয়া অস্ত্রগুলো মহেশখালী থেকে দেশের বিভিন্ন প্রান্তে পাচারের উদ্দেশ্যে সরবরাহ করা হচ্ছিল।
পুলিশের এ অভিযানে অস্ত্র উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক দু’জনকে জিজ্ঞাসাবাদ করছে এবং তাদের সঙ্গে জড়িত সম্ভাব্য অস্ত্র কারবারি ও পাচারচক্রের অন্য সদস্যদের শনাক্তে তদন্ত চলছে।
মহেশখালী উপকূলীয় ও দুর্গম এলাকা হওয়ায় দীর্ঘদিন ধরে অস্ত্র চোরাচালানের রুট হিসেবে কিছু অসাধু চক্র এ অঞ্চলকে ব্যবহার করে আসছে বলে স্থানীয়দের অভিযোগ। সাগর ও নৌপথ ব্যবহার করে অস্ত্র দেশের বিভিন্ন এলাকায় পৌঁছে দেওয়ার একটি সংঘবদ্ধ চক্র সক্রিয় থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্রের উৎস, কীভাবে এবং কোথা থেকে এসব অস্ত্র সংগ্রহ করা হয়েছে, কোথায় পাচারের পরিকল্পনা ছিল এবং এর সঙ্গে আর কারা জড়িত—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, মহেশখালীকে কেন্দ্র করে কোনো সংঘবদ্ধ অস্ত্র পাচারচক্র সক্রিয় থাকলে তা দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য উদ্বেগের বিষয়। তাই এ ঘটনার গভীর তদন্তের মাধ্যমে অস্ত্রের উৎস ও পুরো চক্রকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।