বিরলে দৃষ্টিশক্তি হারানো হানিফ এর চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার আহ্বান
একজন শ্রমিক কাজে নিয়োজিত থাকাকালীন দূর্ঘটনায় দৃষ্টিশক্তি হারিয়ে দু'চোখে শুধু অন্ধকার দেখছেন। আর এই শ্রমিকের উপর নির্ভর করে স্ত্রী ও পাঁচ বছর বয়সী সন্তান চরম আর্থিক সংকটে দিনাতিপাত করছেন।
একদিকে সাংসারিক ব্যয় আবার অন্যদিকে স্বামীর চিকিৎসা, যা চরম অনিশ্চয়তা আর হতাশায় ভূগতে বাধ্য করছে।এমনই একটি দূর্ঘটার শিকার হয়েছেন বিরল উপজেলার ০৫ নং বিরল ইউনিয়নের পুরিয়া গ্রামের মোঃ মতিবুর এর ছেলে মোঃ হানিফ (৩৪), যিনি পেশায় একজন রংমিস্ত্রী। তিনি প্রায় ১৫-২০ বছর যাবৎ গাড়ীর রং ও ড্যান্ডিং এর কাজ করে জীবিকা নির্বাহ করেন।
গাড়ীর কাজ করাকালীন বছর দু'য়েক পূর্বে একসময় হঠাৎ একটি লোহার টুকরো ডান চোখে প্রবেশ করলে রাজধানী ঢাকায় ইস্পাহানী চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চোখটি সম্পূর্ণ তুলে ফেলতে হয়। ডান চোখটি তুলে ফেলার ৫-৬ মাস না যেতেই আরেক চোখেও কম দেখাসহ বিভিন্ন সমস্যা দেখা দেয়।
দেশে চিকিৎসায় কোন উন্নতি না হওয়ায় এবং বাম চোখ দিয়েও আর কোন কিছু দেখতে না পাওয়ায় প্রায় এক বছর আগে ভারতে গিয়ে দেখানো হলে দীর্ঘমেয়াদি চিকিৎসায় চোখের আলো ফিরে আসা সম্ভব বলে সেখানকার চিকিৎসক জানান। ইতিপূর্বে চিকিৎসার ব্যায়ে প্রায় নিঃস্ব হয়ে ব্যয়বহুল এ চিকিৎসার খরচের জন্য লক্ষ লক্ষ টাকা আর বর্তমানে ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না পরিবারটির। অপরদিকে, বৃদ্ধ পিতা ও ভাই দিনমজুরী করে সংসার পরিচালনা করেন। এককথায় বলা যেতে পারে খেটে খাওয়া পরিবার।
অথচ পরিবারের আয়ের ভরসার ব্যক্তিটি চোখে দেখতে পান না! তাই মোঃ হানিফ এর ব্যয়বহুল চিকিৎসার জন্য এবং একজন কর্মজীবী শ্রমিকের দৃষ্টিশক্তি ফিরে পেতে সহায়তার জন্য সমাজের বিত্তবান, হৃদয়বান, মানবিক সহায়তাকারী ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানের নিকট আর্থিক সহযোগিতার আহ্বান জানিয়েছে ভূক্তভোগী পরিবারটি। সহায়তা পাঠানোর ঠিকানা- মোঃ হানিফ এর ভাই মি. মোঃ আবু হালিম, সঞ্চয়ী হিসাব নং ১১০১০০৮৭৮৭৬০৭, যমুনা ব্যাংক পিএলসি, দিনাজপুর শাখা অথবা নগদ (ব্যক্তিগত) ০১৫৬৮০৯১২৩৩ এই নম্বরে।