শ্রীপুর পৌরসভা আধুনিকায়নে ১৫ দফা উন্নয়ন পরিকল্পনা আবুল মনসুর মন্ডলের
শ্রীপুর উপজেলা প্রতিনিধিঃ আল আমিন খান
শ্রীপুর পৌরসভাকে আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ১৫ দফা উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করেছেন শ্রীপুর পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল মনসুর মন্ডল।ঘোষিত উন্নয়ন পরিকল্পনায় দুর্নীতি ও হয়রানিমুক্ত সেবামুখী পৌরসভা গঠনকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। পাশাপাশি শ্রীপুর রেলক্রসিংয়ে ফ্লাইওভার নির্মাণ, প্রতিটি ওয়ার্ডে আধুনিক কমিউনিটি ক্লিনিক স্থাপন, খেলার মাঠ ও শিশু পার্ক নির্মাণের পরিকল্পনার কথা তুলে ধরা হয়েছে।
পরিকল্পনার আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে রয়েছে—মাদকমুক্ত পৌরসভা গঠন, আধুনিক পৌর পাঠাগার নির্মাণ, সড়ক প্রশস্তকরণ ও আধুনিকায়ন, গুরুত্বপূর্ণ মোড়ে পর্যাপ্ত লাইটিং ব্যবস্থা এবং জলাবদ্ধতা নিরসনে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা।এছাড়া পৌর এলাকার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালু, সামাজিক ও পারিবারিক অনুষ্ঠান আয়োজনের জন্য আধুনিক কমিউনিটি সেন্টার নির্মাণ এবং স্থানীয় পর্যায়ে নিরপেক্ষ শালিশের মাধ্যমে পারিবারিক বিরোধ নিষ্পত্তির পরিকল্পনাও রয়েছে।
দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তির ব্যবস্থা করার কথাও উল্লেখ করা হয়েছে। আবুল মনসুর মন্ডলের ঘোষিত এ পরিকল্পনার লক্ষ্য হিসেবে শ্রীপুর পৌরবাসীর নাগরিক সুবিধা বৃদ্ধি, জীবনযাত্রার মানোন্নয়ন এবং একটি আধুনিক ও বাসযোগ্য পৌরসভা গড়ে তোলার বিষয়টি গুরুত্ব পেয়েছে।