মিলাদুন্নবী সাঃ এর স্মরণ, ভালোবাসা ও তাৎপর্য।
যখন এ ধরা ঘোর অন্ধকারে নিমজ্জিত ছিল, চারদিকে যখন অজ্ঞতা, কুসংস্কার ও অন্যায়-অবিচারে ছেয়ে গিয়েছিল, ঠিক সেই সময় ভুবনের মাঝে নব-রবি হয়ে পদার্পণ করেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ)
তাই মহানবী হযরত মুহাম্মদ সাঃ এর পবিত্র জন্ম ও আগমনের স্মরণে আমাদের উচিত একত্রিত হয়ে আল্লাহ তাআলার জিকির করা, মহানবী সাঃ এর প্রতি দরুদ ও সালাম প্রেরণ করা, তাঁর প্রশংসা ও গুণগান করা, তাঁর পবিত্র জীবনী ও সীরাত পাঠ করা এবং তাঁর মহান চরিত্র ও আদর্শের আলোচনা করা। এসবই মহানবী সাঃ-এর প্রতি আমাদের ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের অন্যতম মাধ্যম।
শরিয়তের বিধান হলো নবী-রাসূলদের জীবনচরিত এবং তাঁদের গুরুত্বপূর্ণ ঘটনাবলি ও জন্মের স্মৃতিকে স্মরণ করা।
সুতরাং এতে কোনো সন্দেহ নেই যে, সকল নবী-রাসূলের মধ্যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ সর্বাধিক মর্যাদার অধিকারী।
এ উপলক্ষে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে গরিব-অসহায়দের মাঝে খাবার বিতরণ করা যেতে পারে। দান-সদকা করা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন নেক আমল ও কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করা যেতে পারে। তবে এসব আমল যেন নির্দিষ্ট একটি দিনে নির্দিষ্ট কোনো খাবার খাওয়ানো বা নির্দিষ্ট কোনো কাজ করাকে অপরিহার্য মনে করার পর্যায়ে না যায়; বরং এগুলোর মূল উদ্দেশ্য হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন এবং রাসূলুল্লাহ সাঃ এর প্রতি ভালোবাসা প্রকাশ।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—মহানবী সাঃ-এর স্মরণ যেন আমাদের হৃদয়ে প্রিয় নবী সাঃ-এর প্রতি ভালোবাসা আরও গভীর করে, তাঁর সুন্নাহ ও আদর্শ অনুসরণের আগ্রহ সৃষ্টি করে এবং তাঁর দেখানো পথে জীবন পরিচালনার অনুপ্রেরণা জোগায়।
কারণ রাসূলুল্লাহ সাঃ-এর সীরাত শুধু আলোচনা করার বিষয় নয়; বরং তাঁর পবিত্র জীবন, উত্তম চরিত্র, দয়া, ক্ষমাশীলতা, ন্যায়পরায়ণতা, মানবতা ও মানুষের প্রতি ভালোবাসার শিক্ষা আমাদের জীবনের জন্য অনুসরণীয় আদর্শ।
তাই মহানবী সাঃ-এর জন্ম ও আগমনের স্মরণ যেন কেবল একটি আনুষ্ঠানিকতা বা সাময়িক আবেগের মধ্যে সীমাবদ্ধ না থাকে; বরং তাঁর প্রতি ভালোবাসা যেন আমাদের জীবনকে তাঁর সুন্নাহ ও আদর্শে গড়ে তোলার প্রেরণা দেয়।
আল্লাহ তাআলা আমাদের অন্তরে প্রিয় নবী সাঃ এর সত্যিকারের ভালোবাসা সৃষ্টি করুন এবং তাঁর সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার তাওফিক দান করুন। আমিন।
লেখকঃ হাফেজ ইব্রাহিম তুরাক শিক্ষার্থী আল আজহার ইউনিভার্সিটি, কায়রো, মিশর।