লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত ৩
মোঃ আনিছুল ইসলাম রাজিব, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ আরও তিনজন আহত হয়েছেন। আহতদের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
শনিবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার সোনালী ব্যাংক সূচনা চত্বর সংলগ্ন লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবি এলাকার জহুরুল হক (৫০) এবং সিঙ্গিমারী এলাকার আব্দুল জলিল (৫২)।স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, লালমনিরহাট থেকে বুড়িমারীর উদ্দেশে যাচ্ছিল একটি পণ্যবাহী ট্রাক। এ সময় বড়খাতা এলাকা থেকে হাতীবান্ধার দিকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়। সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের পাশে থাকা একটি মোটরসাইকেলের শোরুমে ঢুকে পড়ে।
এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়। আহত হন অটোরিকশার আরও তিন যাত্রী। দুর্ঘটনায় শোরুমে থাকা কয়েকটি মোটরসাইকেলও ক্ষতিগ্রস্ত হয়েছে।
দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করলেও এর চালক ও সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।