সোনারগাঁয়ে মাদকবিরোধী সভায় মুচলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক
মোঃ সজিব মিয়া নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী সভায় স্ট্যাম্পে স্বাক্ষর করে মুচলেকা দিয়ে মাদক ছাড়ার অঙ্গীকার করেছেন খোরশেদের ছেলে আজিজুল হক।
রোববার (৯ আগস্ট) বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের নাগেরকান্দি এলাকায় এ মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়।
জামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি গিয়াসউদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির ১ নং সহ-সভাপতি ও সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আল মুজাহিদ মল্লিক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক, উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শরিফুজ্জামান শাহিন, জামপুর ইউনিয়ন জাসাসের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন সালু, যুবদল নেতা আপেল মাহমুদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মাদকবিরোধী সভায় আজিজুল হক স্ট্যাম্পে স্বাক্ষর করে মুচলেকা দেন এবং ভবিষ্যতে মাদক সেবন ও মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ড থেকে বিরত থাকার অঙ্গীকার করেন। এ সময় তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যয় ব্যক্ত করেন। প্রধান অতিথির বক্তব্যে আল মুজাহিদ মল্লিক বলেন, জামপুর ইউনিয়নে কোনো মাদকসেবীর ঠাঁই হবে না। মাদক একটি পরিবারকে শেষ করে দেয়। যারা মাদক বিক্রির সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে সমাজের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আজিজুল হক মুচলেকা দিয়ে মাদক ছেড়েছেন। তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে তার পরিবারের পাশে থাকার পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন তিনি।
আল মুজাহিদ মল্লিক আশা প্রকাশ করে বলেন, আজিজুল হকের এই উদ্যোগ দেখে আরও অনেক মাদকসেবী মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন।সভায় বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, সমাজ ও রাজনৈতিক নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।