শোক সংবাদ
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
একই মাটির মায়ায় বেড়ে ওঠা, একই স্কুলের আঙিনায় শৈশবের দিনগুলো একসাথে মাখিয়ে নেওয়া—আমাদের সেই দূরন্ত ছাত্রজীবন থেকেই আমরা দুজন দুজনকে পরম শ্রদ্ধায় ও মমতায় "ভায়রা ভাই" বলে সম্বোধন করে আসছি। জীবনের পথচলায় আমাদের বন্ধন কতটা গভীর ছিল, তা সময়ের সমীকরণেই স্পষ্ট—প্রায় কাছাকাছি সময়ে আমাদের দুজনের বিয়ে, এমনকি তাঁর বড় মেয়ে এবং আমার বড় সন্তানের জন্মও মাত্র দুই দিনের ব্যবধানে।
সম্প্রতি ছুটিতে দেশে আসার পর স্মৃতিগুলো যেন আরও একবার তাজা হয়ে উঠেছিল। সপ্তাহে অন্তত ২-৩ দিন বাগমারা বাজারে দীর্ঘ সময় ধরে বসে জীবনের নানা গল্পে মেতে উঠতাম আমরা। আর সবশেষ গত ২৬ জুলাই, ২০২৬ তারিখে মেসেঞ্জারে সেই ২২ মিনিটের ফোনালাপটি যে আমাদের শেষ আড্ডা হবে, তা ঘুনাক্ষরেও ভাবিনি। আজ এসবই শুধুই অতীত, শুধুই নিছক স্মৃতি!
আজ সেই চেনা আর প্রিয় মুখটি সবাইকে কান্নার সাগরে ভাসিয়ে ওপারে পাড়ি জমালো। ভাবতেই বুকটা ফেটে যাচ্ছে, বুকের ভেতরটা হাহাকার করে উঠছে। ইতালির মাটিতে তোমার এই আকস্মিক ও অকাল প্রস্থান আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না ভাই। নিষ্পাপ ও অবুঝ সন্তানগুলোকে এভাবে এতিম করে তোমার চলে যাওয়াটা যে বড্ড অসময়ের, বড্ড কষ্টের!
হে মহান আল্লাহ, আমার শ্রদ্ধাভাজন, অত্যন্ত প্রিয় বন্ধুসম আক্তার সরকারকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ স্থান দান করুন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি ও গভীর শোক সহ্য করার শক্তি দিন। আমিন।
শোকাহত—
মোঃ মনির হোসেন
প্রদর্শক, ছোট শরিফপুর ডিগ্রি কলেজ
লালমাই, কুমিল্লা।