চাঁদপুরে শিশু ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেফতার
এমতেয়াজ পাটওয়ারী ফরহাদ চাঁদপুর : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এক লোমহর্ষক ও বর্বরোচিত ঘটনার ছায়া কেটে যাওয়ার পথে। ১১ বছরের এক অবুঝ শিশুকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার এজাহারনামীয় প্রধান আসামিকে অবশেষে গ্রেপ্তার করেছে মতলব উত্তর থানা পুলিশ।
সোমবার (৩ আগস্ট) চাঁদপুর জেলা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য গণমাধ্যমকে জানানো হয়।
পুলিশের দেওয়া বিবরণ অনুযায়ী, গত ২৬ জুলাই দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে মতলব উত্তর উপজেলার চর লক্ষীপুর এলাকার নাছির মৃধার ইটভাটার শ্রমিকদের আবাসিক কোয়ার্টারে এই পৈশাচিক ঘটনা ঘটে। ১১ বছরের একটি শিশুকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে লম্পট ফরহাদ। এই ন্যক্কারজনক ঘটনার পর শিশুর পরিবার বিচার চেয়ে থানায় মামলা দায়ের করলে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
পুলিশের সাড়াঁড়াশি অভিযান ও সাফল্যঃ
ঘটনাটি জানাজানি হওয়ার পর নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন। চাঁদপুর জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনা, মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব এবং মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে একটি বিশেষ টিম গঠন করা হয়।
অভিযান পরিচালনাকারী চৌকস দলের নেতৃত্বে ছিলেন এসআই রেজাউল করিম ও এসআই মাধব চন্দ্র নাথ। তাদের ধারাবাহিক ও সুনির্দিষ্ট বিশেষ অভিযানে অবশেষে মামলার এজাহারভুক্ত আসামি মোঃ ফরহাদ হোসেনকে (১৮)গ্রেপ্তার করা সম্ভব হয়। অভিযুক্ত ফরহাদ মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের চরলক্ষীপুরের মোঃ আজাদের ছেলে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান বলেন, শিশু ধর্ষণের মতো একটি জঘন্য অপরাধের খবর পাওয়ার পর থেকেই পুলিশ অত্যন্ত সতর্কতার সাথে কাজ করেছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে পাঠানো হয়েছে। এই মামলার অন্যান্য দিক খতিয়ে দেখতে আমাদের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।