টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সোলতান আহমদ কক্সবাজার জেলা বিশেষ প্রতিনিধিঃ কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা সীমান্ত সড়ক ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শুক্রবার (৩১ জুলাই ২০২৬) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, গত বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা সীমান্ত সড়ক ব্রিজ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সন্দেহভাজন একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে প্রায় ৩২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৬ হাজার ৫০০ পিস ইয়াবা, নগদ ৮ হাজার ৪৪৬ টাকা এবং ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়। এ সময় দুই মাদক কারবারিকে আটক করা হয়।কোস্ট গার্ড জানায়, জব্দকৃত আলামত ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও বলেন, দেশে ভয়াবহ মাদকের বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।