শিশু পরিবারের বালিকাদের স্বাবলম্বী করতে রাজবাড়ীতে ‘নকশী কাঁথা প্রকল্প’ উদ্বোধন
আক্কাস আলী খান, রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ী সরকারি শিশু পরিবার (বালিকা)-এ নিবন্ধিত নিবাসী বালিকাদের স্বাবলম্বী, দক্ষ ও কর্মমুখী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘নকশী কাঁথা প্রকল্প’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে রাজবাড়ী সরকারি শিশু পরিবার (বালিকা) প্রাঙ্গণে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পটির শুভ সূচনা করা হয়।
অনুষ্ঠানে রাজবাড়ী জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবুসালে মোহাম্মদ আলী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন। তিনি আনুষ্ঠানিকভাবে ‘নকশী কাঁথা প্রকল্প’-এর উদ্বোধন ঘোষণা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি শিশু পরিবারের (বালিকা) উপ-তত্ত্বাবধায়ক আব্দুর রাজ্জাক এবং আরশী মহিলা সংস্থার সভাপতি শামসুন্নাহার চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, শিশু পরিবারের বালিকাদের কারিগরি শিক্ষা ও হস্তশিল্পে দক্ষ করে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। নকশী কাঁথাসহ বিভিন্ন সৃজনশীল কাজে দক্ষতা অর্জনের মাধ্যমে তারা ভবিষ্যতে আত্মনির্ভরশীল হয়ে সমাজে মর্যাদার সঙ্গে প্রতিষ্ঠিত হতে পারবে। তিনি এ প্রকল্পের সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে সমাজসেবা কার্যালয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সরকারি শিশু পরিবারের কর্মকর্তা-কর্মচারী এবং নিবাসী বালিকারা উপস্থিত ছিলেন। আয়োজকদের মতে, প্রকল্পটির মাধ্যমে বালিকাদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করে তাদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার পাশাপাশি ভবিষ্যতে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।