রামুতে র্যাব-১৫-এর ঝটিকা অভিযান: ৩টি দেশীয় একনলা বন্দুক ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার
সোলতান আহমদ কক্সবাজার জেলা বিশেষ প্রতিনিধিঃ উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের থোয়াইংগাকাটা এলাকায় র্যাব-১৫-এর বিশেষ অভিযানে ৩টি দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
র্যাব-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, রামু থানাধীন ৯নং খুনিয়াপালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের থোয়াইংগাকাটা গ্রামে একটি সংঘবদ্ধ ডাকাত চক্র ডাকাতির উদ্দেশ্যে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও ধারালো সরঞ্জাম বিশেষ কায়দায় লুকিয়ে রেখেছে।
এ তথ্যের ভিত্তিতে বুধবার (২৯ জুলাই ২০২৬) ভোর সাড়ে ৬টার দিকে র্যাব-১৫-এর সিপিসি-১-এর একটি আভিযানিক দল এলাকায় বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মো. শাহজাহান (৩৬)-এর বসতবাড়ির উত্তর পাশের পুকুরসংলগ্ন ফাঁকা স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩টি দেশীয় তৈরি একনলা বন্দুক এবং কাঠের হাতলযুক্ত ৩টি ধারালো অস্ত্র (দা) উদ্ধার করা হয়।
র্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও ধারালো সরঞ্জাম পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজারের রামু থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
র্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অস্ত্রধারী সন্ত্রাসী, ডাকাত চক্র এবং অবৈধ অস্ত্র কারবারিদের বিরুদ্ধে র্যাবের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।