গ্রাহকদের আস্থা আরও সুদৃঢ় করতে ইসলামী ব্যাংক বরকইট বাজার এজেন্ট শাখার সুধী সমাবেশ
ইমদাদুল ইসলাম রনি, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লার চান্দিনা উপজেলার বরকইট বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর বরকইট বাজার এজেন্ট শাখার উদ্যোগে গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) আয়োজিত এ সমাবেশে গ্রাহকদের আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় করা, উন্নত ব্যাংকিং সেবা নিশ্চিত করা এবং শরিয়াহভিত্তিক আধুনিক ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে ইতিবাচক ধারণা তুলে ধরা হয়।
অনুষ্ঠানের শুরুতে গত ১৫ জুলাই ২০২৬ মৃত্যুবরণকারী বরকইট বাজার এজেন্ট শাখার স্বত্বাধিকারী মরহুম মো. জহিরুল ইসলাম-এর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এ সময় তাঁর কর্মময় জীবনের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
ডা. মো. জয়নাল আবদিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আব্দুল আউয়াল, শাখা ব্যবস্থাপক, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, চান্দিনা শাখা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আব্দুল হালিম, প্রিন্সিপাল অফিসার, ইসলামী ব্যাংক, চান্দিনা শাখা; মো. খাইরুল বাশার, স্বত্বাধিকারী, সাকিব পাবলিকেশন, ঢাকা; ডা. মো. মোশাররফ হোসেন, ডা. মো. রুহুল আমিন, মো. সফিকুল ইসলাম (ইউপি সদস্য) এবং অবসরপ্রাপ্ত নৌবাহিনী সদস্য মো. আব্দুস সালাম।
এছাড়াও উপস্থিত ছিলেন বরকইট উদয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু তপন চন্দ্র দেবনাথ, সহকারী প্রধান শিক্ষক কাজী মাসুদ আব্দুল কাদের, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত গ্রাহক ও শুভাকাঙ্ক্ষীরা।
বক্তারা বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দেশের মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক। গ্রাহকদের আরও উন্নত, নিরাপদ ও নির্ভরযোগ্য শরিয়াহভিত্তিক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে ব্যাংক কর্তৃপক্ষ ভবিষ্যতেও আন্তরিকভাবে কাজ করে যাবে।