বহরপুর রামদিয়া সড়কে অটোভ্যানের চাকায় কাপড় পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু
মোঃ আমিরুল হক, জেলা প্রতিনিধি, রাজবাড়ী ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা আমেনা বেগম (৭৫) ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওরনা পেঁচিয়ে পড়ে গিয়ে নিহত হয়েছেন।
সোমবার (২৭ জুলাই) বিকেল আনুমানিক ৫টা ১৫ মিনিটে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সামনে রামদিয়া-বহরপুর পাকা সড়কের উপর পাশে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আমেনা বেগম উপজেলার পদমদী গ্রামে বসবাসরত তার ছেলে আব্দুল শেখের বাড়ি থেকে নিজ বাড়ি গোবিন্দপুরে ফিরছিলেন। পথে তিনি যে ব্যাটারিচালিত অটোভ্যানে যাত্রা করছিলেন, সেটির চাকায় তার পরনের ওরনা পেঁচিয়ে যায়। এতে তিনি চলন্ত অটোভ্যান থেকে সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।
নিহত আমেনা বেগম গোবিন্দপুর গ্রামের মৃত আসমত শেখের স্ত্রী।
দুর্ঘটনার খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে পরিবারের সদস্যরা মরদেহ ঘটনাস্থল থেকে নিজ বাড়িতে নিয়ে যান।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।