মেয়ের মৃত্যুর ঘটনায় কারও বিরুদ্ধে অভিযোগ নেই, গুজব না ছড়ানোর আহ্বান পরিবারের
রিয়াদ হোসাইন, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার লাকসামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় কোনো ব্যক্তি বা পক্ষকে দায়ী না করে গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে তার পরিবার।নিহত বিউটি রানী সরকার (৩০) লাকসাম উপজেলার ২ নং মুদাফফরগঞ্জ উত্তর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চুমুরিয়া (সরকার বাড়ি) গ্রামের বাসিন্দা। তিনি বিজয় চন্দ্র সরকারের স্ত্রী। তাদের সংসারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
এ ঘটনায় নিহতের মা নিরাসা বালা সরকার (৫১), স্বামী- মৃত বলহরি সরকার, সাং- কাঞ্চনপুর (সুতার বাড়ি), লক্ষীপুর বাজার ইউনিয়ন, থানা- বরুড়া, জেলা- কুমিল্লা, এক লিখিত বক্তব্যে বলেন, আমার মেয়ে বিউটি রানী সরকার কেন এমন মর্মান্তিক সিদ্ধান্ত নিল, তা আমরা কেউ জানি না। তার দুই ছেলে ও এক মেয়েকে রেখে এভাবে চলে যাওয়াটা আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। আমরা এখনও শোকাহত এবং এ ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে কিছুই জানি না।
তিনি আরও বলেন, আমার মেয়ের মৃত্যুর ঘটনায় আমাদের পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ, সন্দেহ বা দাবি নেই। আমার জামাই বিজয় চন্দ্র সরকার একজন ভালো মানুষ। তিনি আমার মেয়েকে অনেক ভালোবাসতেন এবং আমাদের পরিবারের সঙ্গেও অত্যন্ত ভালো ব্যবহার করতেন। এ ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে বা অন্য কারও বিরুদ্ধে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তিকর তথ্য প্রচার করা ঠিক হবে না।
নিহতের মা সমাজের সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অনেকেই না জেনে বা যাচাই না করে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন, যা আমাদের শোকাহত পরিবারকে আরও কষ্ট দিচ্ছে। তাই আমরা সবাইকে অনুরোধ করছি, কেউ যেন এ ঘটনাকে নিয়ে গুজব, অপপ্রচার বা বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা অন্য কোথাও ছড়িয়ে আমাদের আরও মানসিক কষ্ট না দেন।
তিনি বলেন, আমরা আমাদের মেয়েকে আর ফিরে পাব না। তাই আমাদের একমাত্র প্রত্যাশা, সবাই তার বিদেহী আত্মার শান্তির জন্য প্রার্থনা করবেন এবং আমাদের পরিবারের জন্য দোয়া করবেন, যাতে আমরা এই শোক সহ্য করার শক্তি পাই।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, এ বিষয়ে তাদের কোনো অভিযোগ না থাকায় অপ্রয়োজনীয় বিভ্রান্তি সৃষ্টি না করে দায়িত্বশীল আচরণ করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হচ্ছে।