চাঁদপুর পুরান বাজারে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ
এমতেয়াজ পাটওয়ারী ফরহাদ চাঁদপুর : চাঁদপুর শহরের পুরান বাজারে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে উৎসাহিত করতে ফুটবল ও চকলেট বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘বিজয়ী নারী উন্নয়ন সংস্থা’। রোববার (২৬ জুলাই) বিকেলে সংগঠনটির প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খানের বিশেষ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
মাদক ও মোবাইল ফোনের অতিরিক্ত আসক্তি থেকে তরুণ প্রজন্মকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এবং মাঠমুখী তরুণ সমাজ গড়ে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের স্বপ্নদ্রষ্টা আশিক খান, বিশিষ্ট সমাজসেবক সাদ্দাম হোসেন এবং টিম বিজয়ীর স্বেচ্ছাসেবকরা।
সংগঠনের প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খান বলেন, পড়াশোনার পাশাপাশি সুস্থ বিনোদন ও শারীরিক বিকাশের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।