নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: দুই মাদক কারবারি আটক, ১ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার
সোলতান আহমদ কক্সবাজার জেলা বিশেষ প্রতিনিধি:- সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) নাফ নদীতে বিশেষ অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৩০ লাখ টাকা।
বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) দিবাগত রাতে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে, মিয়ানমার থেকে একটি বড় ইয়াবার চালান নাফ নদী অতিক্রম করে সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়ার পরিকল্পনা ও নির্দেশনায় বিজিবির একটি বিশেষ আভিযানিক দল আধুনিক ফ্যান্টম বোট নিয়ে নাফ নদীতে কৌশলগত অবস্থান গ্রহণ করে।
রাত আনুমানিক ৩টার দিকে প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশকারী একটি নৌকা শনাক্ত করা হয়। বিজিবি সদস্যরা নৌকাটিকে ধাওয়া করলে চোরাচালানকারীরা গ্রেপ্তার এড়াতে নাফ নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারের দিকে পালানোর চেষ্টা করে। তাৎক্ষণিক অভিযানে জুস মোহাম্মদ (৩০) ও মোহাম্মদ ইলিয়াস (৩৭) নামে দুইজনকে আটক করা হলেও অপর একজন রাতের অন্ধকারে পালিয়ে যেতে সক্ষম হয়।
পরে নৌকাটি তল্লাশি করে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযান চলাকালে চোরাচালানকারীদের নৌকাটি বিজিবির ফ্যান্টম বোটের সঙ্গে ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত হয়ে ঘটনাস্থলেই অর্ধনিমজ্জিত হয়।
আটককৃতদের মধ্যে জুস মোহাম্মদ উখিয়ার ২ নম্বর কুতুপালং এফডিএমএন ক্যাম্পের এবং মোহাম্মদ ইলিয়াস ৫ নম্বর আলিখালী এফডিএমএন ক্যাম্পের বাসিন্দা।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান ও অন্যান্য সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আটককৃত দুই আসামি এবং উদ্ধারকৃত ইয়াবা নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।