রাজবাড়ী সদর থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আক্কাস আলী খান, রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ী সদর থানা পুলিশের পৃথক অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৮ জুলাই) রাজবাড়ী সদর থানার এসআই (নিঃ) মোঃ রুস্তম আলী সঙ্গীয় ফোর্স নিয়ে সদর উপজেলার কল্যাণপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আব্দুর ছালামের চায়ের দোকানের সামনে পাকা সড়ক থেকে ৫০ গ্রাম গাঁজাসহ মোঃ ইমান আলী (৫৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের দর্পনারায়ণপুর গ্রামের মৃত নুরুল ইসলাম মোল্লার ছেলে।অপরদিকে, রোববার (১৯ জুলাই) সদর থানার এসআই (নিরস্ত্র) মোঃ সোহানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ সদর উপজেলার মূলঘর ইউনিয়নের এরেন্দা গ্রামের এরেন্দা দাড়িখল মাদরাসার গেটসংলগ্ন পাকা সড়কে অভিযান চালান। এ সময় ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আজিজুল ইসলাম (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি একই উপজেলার এরেন্দা গ্রামের সিরাজুল মোল্লার ছেলে।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ও গাঁজা জব্দ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, রাজবাড়ী জেলায় মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।