মা ও শিশুস্বাস্থ্য সেবায় অবদানের স্বীকৃতি: রাজবাড়ীর শ্রেষ্ঠ চেয়ারম্যান মদন কুমার প্রামাণিক
আক্কাস আলী খান, রাজবাড়ী প্রতিনিধিঃ মা, শিশু ও কৈশোরকালীন স্বাস্থ্যসেবা কার্যক্রম বাস্তবায়নে বিশেষ অবদান রাখায় রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে সম্মাননা পেয়েছেন কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মদন কুমার প্রামাণিক।
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে রোববার জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা তুলে দেন রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন। এ সময় পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক আবু নছর মোহাম্মদ কদর উদ্দীন, সহকারী উপপরিচালক ডা. আশরাফুল ইসলামসহ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা যায়, মাতৃস্বাস্থ্য, নবজাতক ও শিশুস্বাস্থ্য এবং কৈশোরকালীন স্বাস্থ্যসেবা কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি, পরিবার পরিকল্পনা কার্যক্রমে সহযোগিতা এবং স্বাস্থ্যবান্ধব বিভিন্ন উদ্যোগ গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ তাকে জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
এদিকে একই দিন সকালে কালুখালী উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের উদ্যোগেও পৃথক এক অনুষ্ঠানে মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মদন কুমার প্রামাণিককে উপজেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে সম্মাননা প্রদান করা হয়।
এ সম্মাননা পাওয়ায় মদন কুমার প্রামাণিক সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "এই স্বীকৃতি আমার একার নয়। মদাপুর ইউনিয়নবাসী, জনপ্রতিনিধি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা- কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও জনগণের কল্যাণে আরও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব।"