সংগ্রাম, দায়িত্ব ও মানুষের সেবায় পথচলা: সাংবাদিক নুরুল হোসাইনের জীবনের গল্প
এস কে জাফর আলম টেকনাফ:- নুরুল হোসাইনের- জীবনের প্রতিটি বাঁকে ছিল সংগ্রাম। কখনো দারিদ্র্যের সঙ্গে লড়াই, কখনো পরিবারের দায়িত্ব, কখনো জীবিকার তাগিদ, আবার কখনো সত্যের সন্ধানে সাংবাদিকতার কঠিন পথচলা। তবু থেমে যাননি তিনি। অসংখ্য না বলা কষ্ট, চোখের জল আর আত্মত্যাগের গল্প বুকে ধারণ করে আজও মানুষের পাশে থাকার স্বপ্ন বুনে চলেছেন টেকনাফের সাংবাদিক ও সমাজসেবক নুরুল হোসাইন।
কক্সবাজারের টেকনাফ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের উত্তর ডেইল পাড়ার সন্তান নুরুল হোসাইনের জন্ম ২০ আগস্ট ১৯৮৬ সালে। তাঁর বাবা মরহুম আমির হোসাইন এবং মা হালেমা খাতুন। ছোটবেলা থেকেই অভাব ছিল তাঁর নিত্যসঙ্গী। তবে দারিদ্র্য কখনো তাঁর স্বপ্নকে থামাতে পারেনি।
২০০২ সালে এসএসসি পাস করার পর উচ্চশিক্ষার পাশাপাশি পরিবারের আর্থিক সংকট সামাল দিতে কর্মজীবনে প্রবেশ করেন। কোস্ট ফাউন্ডেশনে চাকরির মাধ্যমে শুরু হয় তাঁর কর্মজীবন। প্রথম কর্মস্থল ছিল ভোলা জেলার চরফ্যাশন। কিন্তু জীবনের সবচেয়ে বড় আঘাত আসে ২০০৫ সালে, যখন বাবার মৃত্যুতে পুরো পরিবারের দায়িত্ব তাঁর কাঁধে এসে পড়ে। সেই মুহূর্ত থেকে নিজের স্বপ্নের চেয়ে পরিবারের হাসিই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় লক্ষ্য।
প্রায় এক দশক কোস্ট ফাউন্ডেশনে দায়িত্ব পালনকালে টেকনাফ, সেন্টমার্টিন, হ্নীলা, কক্সবাজার, ঈদগাহ ও উখিয়াসহ বিভিন্ন এলাকায় কাজ করেছেন তিনি। পরে একটি কেবল গ্রুপে ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ঠিকাদারি লাইসেন্স নিয়ে স্বাধীনভাবে ব্যবসা শুরু করেন এবং নিজের কর্মজীবনের নতুন অধ্যায় রচনা করেন।
২০০৭ সালে রামুর হাসিনা মোর্শেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নুরুল হোসাইন। তাঁদের সংসার আজ দুই ছেলে ও দুই মেয়ের হাসিতে পরিপূর্ণ। তাঁর স্ত্রী টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত। জীবনের কঠিন সময়ে স্ত্রীর সহযোগিতা ও পরিবারের সমর্থন তাঁকে আরও দৃঢ় করেছে।
কর্মজীবনের পাশাপাশি সাংবাদিকতার প্রতিও ছিল তাঁর গভীর ভালোবাসা। একসময় টেকনাফ সাংবাদিক ইউনিটির সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে টেকনাফ প্রতিনিধি হিসেবে কাজ করেন। বর্তমানে তিনি দৈনিক রূপালী সৈকত-এর নির্বাহী সম্পাদক এবং জাতীয় ডেইলি ইন্ডাস্ট্রি ও দৈনিক বর্তমান পত্রিকার টেকনাফ উপজেলা প্রতিনিধি