এমবি-মিনিট লুটের অবসান চাই
মোঃ সুমন রহমান স্বজন, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
১২ জুলাই ২০২৬
বর্তমানে আমার এয়ারটেল নম্বরে ৪,৩৮০ মিনিট ও ১২১ জিবি ইন্টারনেট অবশিষ্ট রয়েছে। আজ ১২ জুলাই ২০২৬, আর এই প্যাকেজের মেয়াদ শেষ হবে আগামী ১৩ জুলাই। মাত্র এক দিনে এত মিনিট ও এত ইন্টারনেট ব্যবহার করা বাস্তবে সম্ভব নয়।
সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, প্রতি মাসেই নির্ধারিত একটি প্যাকেজ কিনতে হয়। কিন্তু প্যাকেজের মেয়াদ শেষ হয়ে গেলে অব্যবহৃত মিনিট, এমবি ও অন্যান্য সুবিধা সবই বাতিল হয়ে যায়। এরপর আবার নতুন করে প্রায় এক হাজার টাকা খরচ করে একই ধরনের প্যাকেজ কিনতে বাধ্য হতে হয়।
প্রশ্ন হলো, আমরা যে সুবিধার জন্য টাকা দিচ্ছি, সেটি ব্যবহার করার সুযোগ না দিয়েই কেন কেড়ে নেওয়া হবে? গ্রাহকের অর্থের বিনিময়ে কেনা অব্যবহৃত সুবিধা বাতিল করে দেওয়া কোনোভাবেই গ্রাহকবান্ধব নীতি হতে পারে না।
বাংলাদেশের টেলিকম খাতে গ্রাহকের স্বার্থ রক্ষায় আরও ন্যায্য ও স্বচ্ছ নীতি প্রয়োজন। দেশের সচেতন নাগরিকদের উচিত এ ধরনের বিষয়ে একসঙ্গে সচেতনতা তৈরি করা এবং গ্রাহকের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানানো।