চৌদ্দগ্রামের মুন্সিরহাটে বিশিষ্ট নাগরিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ৮ নং মুন্সিরহাট ইউনিয়নে স্থানীয় সুশীল সমাজের উদ্যোগে বিশিষ্ট নাগরিকদের অংশগ্রহণে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় ইউনিয়নের আলিফ ফুড প্যালেসের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা মো. খোরশেদ আলম।
মুন্সিরহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ মো. শাহ আলম মোল্লার সভাপতিত্বে এবং সাবেক ইউপি সদস্য আলি মিয়ার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষক মো. আলী হোসেন, ব্যবসায়ী মো. মুজিবুর রহমান, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মীর আলমগীর হোসেন, জাতীয় পার্টির নেতা মো. সবুর খান, আবুল কাশেম ভূঁইয়া, সেলিম মজুমদার, মো. মামুনুর রশিদ বাচ্ছু ও ব্যবসায়ী মো. ইউছুপ নবী।
বক্তারা বলেন, একটি আধুনিক, সুশাসনভিত্তিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ, যুবসমাজের দক্ষতা বৃদ্ধি এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী ও সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তাঁরা ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে নিয়মিত মতবিনিময় এবং পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. খোরশেদ আলম বলেন, জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হলে ইউনিয়নের সার্বিক অগ্রগতি নিশ্চিত করা সম্ভব। তিনি স্থানীয় সমস্যা সমাধান, তরুণদের কর্মমুখী করে গড়ে তোলা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
মতবিনিময় সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, তরুণ সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
সভা শেষে ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।