মনু নদীর বাঁধ ভেঙে ভারত থেকে আসছে পানি
শেখ আব্দুল হামিদ,মৌলভীবাজারঃ মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ৭ নম্বর কামারচাক ইউনিয়নে ভয়াবহ বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মনু নদীর বাঁধ ভেঙে যাওয়া এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, অনেক বসতবাড়ি এখনও পানির নিচে রয়েছে। মসজিদ ও মাদ্রাসাও প্লাবিত হয়েছে। ফলে এলাকার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। পানিবন্দি মানুষজনের এক স্থান থেকে অন্য স্থানে নৌকায় চলাচল করতে হচ্ছে। অনেক এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিশুদ্ধ পানীয় জল, খাদ্য ও ওষুধের সংকট দেখা দিয়েছে।
এলাকাবাসী দ্রুত বন্যার্ত মানুষের জন্য পর্যাপ্ত ত্রাণ, শুকনো খাবার, বিশুদ্ধ পানীয় জল ও চিকিৎসাসেবার ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।