রাজবাড়ীতে পরিবারের অমতে ঘর ছাড়ে দুই শিশু; অ্যাম্বুলেন্সে এসে টহল পুলিশের সন্দেহে উদ্ধার
আক্কাস আলী খান, রাজবাড়ী প্রতিনিধিঃ ঢাকার মিরপুর থেকে পরিবারকে না জানিয়ে রাজবাড়ীর পাংশায় চলে আসে পঞ্চম ও দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া দুই শিশু। টহল পুলিশের সন্দেহের ভিত্তিতে তাদের উদ্ধার করে পাংশা মডেল থানা পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা একে অপরকে পছন্দ করে এবং পরিবার রাজি না হওয়ায় বাড়ি ছেড়ে চলে এসেছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ঢাকার মিরপুরের একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ রাহুল (১১) পড়াশোনার পাশাপাশি স্থানীয় একটি হোটেলে কাজ করত। সেখানে খেতে আসা একই এলাকার দ্বিতীয় শ্রেণির ছাত্রী মাহির (১০) সঙ্গে তার পরিচয় হয়। পরে এক বন্ধুর মাধ্যমে যোগাযোগের সূত্র ধরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়।
পরিবারের দাবি, বয়স কম হওয়ায় উভয় পরিবারই তাদের এই সম্পর্ককে গুরুত্ব দেয়নি। এর পরিপ্রেক্ষিতে গত শুক্রবার রাহুল, মাহি এবং তাদের প্রথম শ্রেণিতে পড়ুয়া বন্ধু রোজান বাড়ি থেকে বের হয়ে যায়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি।
পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে তারা ঢাকা থেকে একটি অ্যাম্বুলেন্স ভাড়া করে রাজবাড়ীর উদ্দেশ্যে রওনা দেয়।
মঙ্গলবার ভোর প্রায় ৪টার দিকে অ্যাম্বুলেন্সটি পাংশা সদর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে গভীর রাতে অ্যাম্বুলেন্সে এত অল্পবয়সী শিশুদের দেখে টহল পুলিশের সন্দেহ হয়। পরে তাদের থানায় নিয়ে যাওয়া হয়।
জিজ্ঞাসাবাদের সময় দুই শিশু জানায়, তারা একে অপরকে পছন্দ করে এবং পরিবার রাজি না হওয়ায় বাড়ি ছেড়ে এসেছে। পুলিশ জানায়, শিশুদের বক্তব্য গুরুত্বের সঙ্গে নিলেও তাদের নিরাপত্তা ও সর্বোত্তম স্বার্থ বিবেচনায় বিষয়টি অভিভাবকদের জানানো হয়েছে। তাদের সঙ্গে থাকা বন্ধু রোজান জানায়, বাড়ি থেকে বের হওয়ার প্রকৃত উদ্দেশ্য সে আগে জানত না; ঢাকা থেকে রওনা হওয়ার পর বিষয়টি বুঝতে পারে।পরে শিশুদের কাছে থাকা মোবাইল ফোনের সূত্র ধরে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, ভোররাতে সন্দেহজনক অবস্থায় একটি অ্যাম্বুলেন্স থেকে তিন শিশুকে উদ্ধার করা হয়। পরে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। অভিভাবকরা থানায় আসার পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শিশুদের তাদের জিম্মায় হস্তান্তর করা হবে।
তিনি আরও বলেন, অপ্রাপ্তবয়স্ক শিশুদের মোবাইল ফোনের অনিয়ন্ত্রিত ব্যবহার এবং অভিভাবকদের পর্যাপ্ত নজরদারির অভাব অনেক সময় এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করতে পারে। সন্তানদের প্রতি অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।