কক্সবাজারে ভারী বৃষ্টিতে পাহাড়ধস: নিহত ৯, নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান
সোলতান আহমদ কক্সবাজার বিশেষ প্রতিনিধি:- কক্সবাজারে টানা ভারী বর্ষণের ফলে পৃথক পাহাড়ধসের ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে ৮ জন এবং কক্সবাজার শহরে ১ জন রয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এছাড়া কয়েকজন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সোমবার (৬ জুলাই) দিবাগত রাত থেকে ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এসব দুর্ঘটনা ঘটে। প্রবল বর্ষণে পাহাড়ের মাটি ধসে বসতঘরের ওপর পড়লে হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবীরা উদ্ধার অভিযান পরিচালনা করে।
প্রশাসন জানিয়েছে, ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় পাহাড়ধসের ঝুঁকি এখনো রয়েছে। ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় বসবাসকারীদের দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে মাইকিংসহ বিভিন্নভাবে সতর্ক করা হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ২৫০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী কয়েক দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এ পরিস্থিতিতে পাহাড়ঘেঁষা এলাকায় বসবাসকারীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন।