টেকনাফে অপহরণের চেষ্টা ব্যর্থ, তিনজনকে কুপিয়ে গুরুতর আহতের অভিযোগ
সোলতান আহমদ কক্সবাজার জেলা বিশেষ প্রতিনিধিঃ কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া ন্যাচার পার্ক এলাকায় তিনজনকে অপহরণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে চিহ্নিত রোহিঙ্গা সন্ত্রাসীদের বিরুদ্ধে।রবিবার (৫ জুলাই) বিকেল আনুমানিক ৪টা ১৫ মিনিটের দিকে ন্যাচার পার্কে সেনাবাহিনীর ক্যাম্পের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন,স্থানীয় নুর মোহাম্মদের ছেলে মো. জাকারিয়া (৪২), কবির আহমদের ছেলে মো. ইউনুছ (৩২) এবং নুর মোহাম্মদের এর ছেলে মো. জাবের (৩৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, একদল সশস্ত্র দুর্বৃত্ত ধারালো দা ও কিরিচসহ তাদের ওপর হামলা চালায়। এ সময় তিনজনকে অপহরণের চেষ্টা করা হলে তারা বাধা দিলে তাদের এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়।ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দ্রুত জাদিমুড়া (টিটিএস হাসপাতাল)-এ ভর্তি করেন। সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
আহতদের পরিবারের দাবি, চিহ্নিত রোহিঙ্গা সন্ত্রাসীরা তাদের স্বজনসহ তিনজনকে অপহরণের উদ্দেশ্যে হামলা চালায়। অপহরণে ব্যর্থ হয়ে নির্মমভাবে মারধর ও কুপিয়ে জখম করা হয়েছে। তারা এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।