চান্দিনায় মাদক-অপরাধ দমনে কঠোর বার্তা, নতুন ওসির পাশে থাকার ঘোষণা এনসিপির
ইমদাদুল ইসলাম রনি কুমিল্লা জেলা প্রতিনিধি:- কুমিল্লার চান্দিনা থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-এর কুমিল্লা জেলা ও চান্দিনা উপজেলার নেতৃবৃন্দ। এ সময় ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাঁকে অভিনন্দন জানান তারা এবং নতুন দায়িত্ব পালনে আন্তরিক শুভকামনা জানান।
সাক্ষাৎকালে ওসি মোঃ নুরুজ্জামান বলেন, চান্দিনায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে আইনানুগ ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। একটি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, জনস্বার্থসংশ্লিষ্ট প্রতিটি ইতিবাচক উদ্যোগ বাস্তবায়নে এনসিপিসহ সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সমন্বয় করে কাজ করতে চান। জনগণের আস্থা অর্জনের মাধ্যমে একটি সেবামুখী পুলিশিং ব্যবস্থা গড়ে তোলাও তাঁর অন্যতম লক্ষ্য বলে জানান তিনি।
এ সময় এনসিপি নেতা আব্দুর রহিম বলেন, “মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত চান্দিনা গড়ে তুলতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিটি ইতিবাচক উদ্যোগে এনসিপি সবসময় পাশে থাকবে এবং প্রয়োজনীয় সহযোগিতা করবে।”
এনসিপি নেতা আবুল কাশেম অভি বলেন, “অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা এবং সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনস্বার্থে প্রশাসনের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রেখে কাজ করতে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ।
সৌজন্য সাক্ষাৎ শেষে উভয় পক্ষ চান্দিনার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, মাদক ও অপরাধ দমন, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং জনসেবামূলক কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।