শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় প্রচলিত ব্যবস্থার পরিবর্তন এবং ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা মোহাম্মদ ইয়াছিন আরাফাত।
শনিবার (৪ জুলাই) বাদ মাগরিব কুমিল্লার লালমাই উপজেলার গৈয়ার ভাঙ্গাস্থ দারুন নাজাত নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমাই উপজেলা শাখা আয়োজিত 'ট্রেড ইউনিয়ন শ্রমিক সমাবেশ'-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
"শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন লালমাই উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাওলানা বিলাল হোসাইন সঞ্চালনা করেন লালমাই উপজেলা সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ইয়াছিন আরাফাত বলেন, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার মজুরি পরিশোধ করার যে শাশ্বত বিধান ইসলাম দিয়েছে, তা আজ সমাজে অনুপস্থিত। প্রচলিত পুঁজিবাদী ও বৈষম্যমূলক শ্রমনীতি শ্রমিকের অধিকার হরণ করছে। একমাত্র ইসলামী শ্রমনীতিই পারে মালিক ও শ্রমিকের মধ্যে ইনসাফপূর্ণ সুসম্পর্ক তৈরি করতে।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মো: মজিবুর রহমান ভূইয়া। তিনি বলেন, ট্রেড ইউনিয়ন চর্চার মাধ্যমে শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধ হতে হবে। শ্রমিক কল্যাণ ফেডারেশন সবসময় মেহনতি মানুষের পাশে থেকে তাদের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা দক্ষিণ জেলার সভাপতি মু. খাইরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমাই উপজেলার আমীর মাওলানা মোঃ আব্দুন নূর,সেক্রেটারী মাওলানা ইমাম হোসেন এবং কনজুমার'স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) লালমাই শাখার সভাপতি মাওলানা এইচ এম নুরুল্লাহ।
বক্তারা বলেন, বর্তমান বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ শ্রমিকরা দিশেহারা। এই পরিস্থিতিতে শ্রমিকের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং কর্মক্ষেত্রে ন্যায্য মজুরি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
সমাবেশে স্থানীয় বিভিন্ন স্তরের ট্রেড ইউনিয়নের নেতাকর্মী ও বিপুল সংখ্যক শ্রমজীবী সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ এবং শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার দোয়া-মোনাজাত পরিচালনা করা হয়।