উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লিটার বাংলা মদ উদ্ধার, আটক ২
কক্সবাজারের উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক বহনের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন টেকনাফ উপজেলার উত্তর জালিয়াপাড়া গ্রামের মৃত জাফরের ছেলে মো. সেলিম (৩৫) এবং হাড়িয়াখালী গ্রামের মৃত রফিকের ছেলে মো. রেদোয়ান (২৫)।
বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার সকাল আনুমানিক ৯টা ২৫ মিনিটে কক্সবাজার থেকে টেকনাফগামী একটি সিএনজি উখিয়া ব্যাটালিয়নের শীলখালী চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা তল্লাশি চালান। এ সময় সিএনজির ভেতরে প্লাস্টিকের বস্তায় রাখা ৮টি জারকিন ও ২টি প্লাস্টিকের বোতল থেকে মোট ৬০ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়।
এ ঘটনায় সিএনজি চালক মো. রেদোয়ান ও যাত্রী মো. সেলিমকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কক্সবাজার থেকে বাংলা মদ কিনে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে টেকনাফে নিয়ে যাচ্ছিলেন বলে স্বীকার করেন। পরে সিএনজিটি আরও বিস্তারিতভাবে তল্লাশি করা হলেও অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।
উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
তিনি বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।