মেরিন ড্রাইভে বিজিবির অভিযানে সিএনজিসহ ৩৫ লিটার চোলাই মদ উদ্ধার, পালাল চালক
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে বিশেষ অভিযান পরিচালনা করে পরিত্যক্ত একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ৩৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানের সময় সিএনজির চালক পালিয়ে যেতে সক্ষম হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গত ২৭ জুন ২০২৬ তারিখে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, কক্সবাজার থেকে একটি সিএনজিযোগে মাদকের চালান টেকনাফের দিকে পাচার করা হবে। এ তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনায় সী-বীচ বিওপির দায়িত্বপূর্ণ কচ্ছপিয়া এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। পাশাপাশি যানবাহন তল্লাশি ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়।
পরিকল্পনা অনুযায়ী বিজিবির একটি আভিযানিক দল সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ওই এলাকায় কৌশলগত অবস্থান নিয়ে বিশেষ তল্লাশি কার্যক্রম পরিচালনা করে।
পরে সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে কক্সবাজার থেকে টেকনাফগামী একটি সন্দেহভাজন সিএনজিকে থামার সংকেত দেওয়া হলে চালক তা অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিজিবি সদস্যরা ধাওয়া করলে চালক মিঠাপানিরছড়া এলাকার পাকা সড়কের পাশে সিএনজিটি ফেলে পার্শ্ববর্তী এলাকায় পালিয়ে যায়।
পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত সিএনজির ভেতর থেকে ৩৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক ও জব্দকৃত সিএনজির মোট আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ১০ হাজার ৫০০ টাকা।
এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক বলেন, "সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার ও অন্যান্য অপরাধ দমনে টেকনাফ ব্যাটালিয়নের গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল, যানবাহন তল্লাশি এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।"
বিজিবি জানায়, উদ্ধারকৃত চোলাই মদ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী বিধি মোতাবেক ধ্বংস করা হবে। এছাড়া জব্দকৃত সিএনজির বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।