মেরিন ড্রাইভে বিজিবির অভিযানে ৮৪ বোতল ফেনসিডিল উদ্ধার, আটক ১
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে বিশেষ অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার থেকে ৮৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় মাদক বহনের অভিযোগে মো. হারুন অর রশিদ (২৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, ২৬ জুন ২০২৬ তারিখে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, খুচরা বিক্রয়ের উদ্দেশ্যে একটি মাদকের চালান কক্সবাজার থেকে মেরিন ড্রাইভ সড়ক হয়ে টেকনাফে আনা হতে পারে। এমন তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়কের নির্দেশনায় সী-বীচ বিওপি সংলগ্ন চেকপোস্টে গোয়েন্দা নজরদারি ও যানবাহন তল্লাশি জোরদার করা হয়।
পরিকল্পনা অনুযায়ী বিজিবির আভিযানিক দল বিকেল ৩টা থেকে বিশেষ তল্লাশি অভিযান শুরু করে। বিকেল সাড়ে ৪টার দিকে কক্সবাজার থেকে টেকনাফগামী একটি সাদা রঙের প্রাইভেটকার চেকপোস্টে পৌঁছালে সেটি থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে গাড়িতে থাকা এক যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা তার ব্যবহৃত ব্যাগসহ গাড়ির বিভিন্ন অংশে তল্লাশি করেন। পরে গাড়ির পেছনের লাগেজে রাখা একটি কালো ব্যাগের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৮৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই সংশ্লিষ্ট যাত্রীকে আটক করা হয়।
আটক ব্যক্তি মো. হারুন অর রশিদ (২৭) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি আরও জানায়, উদ্ধারকৃত ফেনসিডিল ও আটক আসামিকে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবির এক কর্মকর্তা বলেন, “সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান আরও জোরদার করা হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।”