মায়ানমারে পাচারের আগে উখিয়ায় বিজিবির বিশেষ অভিযান: ৯০ বস্তা ইউরিয়া সার ও ৮০ লিটার সয়াবিন তেল জব্দ
কক্সবাজারের উখিয়া উপজেলার সীমান্তবর্তী আনজুমানপাড়া এলাকায় মায়ানমারে পাচারের উদ্দেশ্যে মজুদ করা ৯০ বস্তা ইউরিয়া সার ও ৮০ লিটার সয়াবিন তেল জব্দ করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। এ সময় অভিযুক্তরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
বিজিবি সূত্রে জানা যায়, ২৭ জুন ২০২৬ তারিখে গোপন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উখিয়া ব্যাটালিয়নের অধীনস্থ পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ আনজুমানপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান শুরুর আগে বিষয়টি উখিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শারমীন সুলতানা এবং কৃষি কর্মকর্তা কামনাশিষ সরকারকে অবহিত করা হয়। পরে সহকারী কমিশনার (ভূমি), কৃষি কর্মকর্তা এবং সহকারী পরিচালক মো. মাসুদ রানার নেতৃত্বে বিজিবির টহল দল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে কয়েকটি বাড়িতে অভিযান চালানো হয়।
অভিযানে মো. রফিক, মো. আতিকুর রহমান, মো. তারেক, নুরুল বাশার, সামসুল আলম, মো. গুরানী ও মো. কালুর বাড়িতে তল্লাশি চালিয়ে ৯০ বস্তা ইউরিয়া সার ও ৮০ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। তবে অভিযান চলাকালে অভিযুক্ত ব্যক্তিরা পালিয়ে যেতে সক্ষম হয়।
বিজিবি জানায়, উদ্ধারকৃত সার ও সয়াবিন তেল জব্দ করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। একই সঙ্গে পলাতক অভিযুক্তদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান, মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ, আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ এবং সার পাচার প্রতিরোধে বিজিবি পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।
বিজিবির এক কর্মকর্তা বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক, চোরাচালান ও সার পাচার প্রতিরোধেও সব সময় কঠোর অবস্থানে থেকে কাজ করছে। সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”