টেকনাফ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতা আব্দুল গফুরের
আসন্ন টেকনাফ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন টেকনাফ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল গফুর।
দলীয় নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, আব্দুল গফুর দীর্ঘদিন ধরে টেকনাফ সদর ইউনিয়ন বিএনপির নেতৃত্ব দিয়ে আসছেন এবং তিনি দুইবার সদর ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। দলের দুঃসময়ে সংগঠনকে সুসংগঠিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি বিগত প্রায় ১৭ বছর আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে তিনি সক্রিয় ছিলেন বলে নেতাকর্মীরা দাবি করেন।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মতে, ওই সময় আব্দুল গফুরের বাসভবন ছিল দলীয় নেতাকর্মীদের অন্যতম মিলনকেন্দ্র। সেখানে জেলা, উপজেলা, ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নিয়মিত বৈঠক, মতবিনিময় ও বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি পালন করতেন। কেন্দ্র, বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের ঘোষিত কর্মসূচিগুলোও তাঁর নেতৃত্বে বাস্তবায়নের চেষ্টা করা হতো বলে তারা উল্লেখ করেন।
চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে আব্দুল গফুর বলেন, “দল ও জনগণের পাশে থেকে দীর্ঘদিন কাজ করেছি। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচিত হলে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গঠনে কাজ করবো।”
এদিকে তাঁর প্রার্থী হওয়ার ঘোষণাকে স্বাগত জানিয়েছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা। তারা আশা প্রকাশ করেন, দলের সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়ন পেলে আব্দুল গফুর একটি শক্তিশালী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবেন।
উল্লেখ্য, আসন্ন টেকনাফ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ইতোমধ্যে নির্বাচনী তৎপরতা শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল ও সম্ভাব্য প্রার্থীরা স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় এবং গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।