উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার, পালাল চোরাকারবারি
এস,কে জাফর আলম টেকনাফ উপজেলা প্রতিনিধি:+ কক্সবাজার, ২৫ জুন ২০২৬: কক্সবাজারের উখিয়ায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় জড়িত সন্দেহভাজন ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে ব্যাগ ফেলে পালিয়ে যায়।
বিজিবি সূত্র জানায়, গত ২৪ জুন রাত আনুমানিক সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়নের বালুখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী রহমতের বিল এলাকায় অবস্থান নেয়। রাত প্রায় ১১টার দিকে একজন সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে তাকে চ্যালেঞ্জ করে টহল দল।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি তার হাতে থাকা একটি ব্যাগ ফেলে পাশের গ্রামের দিকে দৌড়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ব্যাগের ভেতর থেকে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী ১০টি প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটের মধ্যে মোট ১,০০,০০০ (এক লাখ) পিস ইয়াবা পাওয়া যায়।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মাদক চোরাকারবারীদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।”
তিনি আরও বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠার পর থেকে সীমান্ত সুরক্ষা, মাদক দমন এবং অবৈধ চোরাচালান প্রতিরোধে ধারাবাহিকভাবে বিভিন্ন সফল অভিযান পরিচালনা করে আসছে।