গাইবান্ধায় প্রথম শ্রেণির শিক্ষার্থীকে অনৈতিক আচরণের চেষ্টায় এলাকাবাসীর হাতে হোটেল মালিক আটক।
গাইবান্ধা প্রতিনিধি,মোঃ মোনারুল ইসলাম। গাইবান্ধা সদর উপজেলার ভেড়ামারা ব্রিজ সংলগ্ন এলাকায় ৬ বছর বয়সী এক শিশুকে কেন্দ্র করে অনৈতিক আচরণের অভিযোগকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে ঐ রেস্টুরেন্টে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এবং রেস্টুরেন্টের মালিককে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বেলা ১১টার দিকে ভেড়ামারা ব্রিজ এলাকার ‘জাফলং চাইনিজ ফাস্টফুড রেস্টুরেন্ট’-এ প্রথম শ্রেণির এক শিশুকে কেন্দ্র করে অনৈতিক আচরণের অভিযোগ ওঠে। এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
পরবর্তীতে বিক্ষুব্ধ স্থানীয়রা রেস্টুরেন্ট মালিক আমির উদ্দিন (৪০) কে মারধর করে আটকে রাখে বলে জানা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করলে বাধার মুখে পড়ে।
পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে কৌশলে অভিযুক্ত আমির উদ্দিনকে আটক করে থানায় নেওয়া হয়। এর কিছু সময় পর বিক্ষুব্ধ জনতা রেস্টুরেন্টটিতে আগুন ধরিয়ে দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
গাইবান্ধা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম বলেন, জনরোষ থেকে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।