মদনে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৩০ কৃষক পরিবারের মাঝে সরকারের মানবিক সহায়তা বিতরণ
মোঃ রাসেল আহমেদ মদন (নেত্রকোণা) প্রতিনিধি:- সাম্প্রতিক আকস্মিক প্রাকৃতিক দুর্যোগ ও বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়িয়েছে সরকার। দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও আর্থিক সংকট লাঘবে নেত্রকোণার মদন উপজেলার ফতেপুর ইউনিয়নে ৫৩০টি কৃষক পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল এবং ৬ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
সরকারের বিশেষ মানবিক সহায়তা কর্মসূচির আওতায় গত রবিবার (২১ জুন) শুরু হওয়া এ কার্যক্রম সোমবার (২২ জুন) ফতেপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিভিন্ন ওয়ার্ড থেকে আগত উপকারভোগী কৃষকদের মাঝে সহায়তা বিতরণের মধ্য দিয়ে সম্পন্ন হয়। দুই দিনব্যাপী এ কার্যক্রমে উপকারভোগীদের মাঝে সুশৃঙ্খল ও স্বচ্ছভাবে সরকারি সহায়তা প্রদান করা হয়।
সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল হায়দার শফি, ইউনিয়ন পরিষদের সচিব রাজিব কুমার, মদন থানার একজন এসআই ও একজন কনস্টেবল, ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রহিস উদ্দীন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক বাদলসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন মদন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আল মাহবুব আলম, সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার উজ্জ্বলসহ প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল হায়দার শফি বলেন, “বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য আমাদের ইউনিয়নে ৫৩০ জনের অনুকূলে সরকারি বরাদ্দ আসে। গত দুই দিনে রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট ট্যাগ অফিসার এবং প্রশাসনের সার্বিক সহযোগিতায় অত্যন্ত সুষ্ঠু, স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশে সকল উপকারভোগীর মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ সম্পন্ন করা হয়েছে।
সহায়তা পেয়ে কৃষকরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, সাম্প্রতিক বন্যায় তাদের ফসল ও কৃষিজমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এমন সময়ে সরকারের এ মানবিক সহায়তা তাদের পরিবারের নিত্যপ্রয়োজন মেটাতে এবং নতুন করে কৃষিকাজ শুরু করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংশ্লিষ্টরা জানান, দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন এবং কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে সরকারের এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।