কক্সবাজারে বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ফয়সালসহ আটক ২
কক্সবাজার শহরের আলীর জাহাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র, ইয়াবা, নগদ টাকা, ছুরি ও দুটি মোটরসাইকেলসহ দুইজনকে আটক করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে আলীর জাহাল এলাকার মোহাম্মদ আমির ফয়সাল আক্তারের বাড়িতে অভিযান চালিয়ে ফয়সাল আক্তার ও জাহিদ হাসানকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়া দুটি দেশীয় অস্ত্র, দুটি ছুরি এবং নগদ টাকা জব্দ করা হয়। অভিযানের সময় নাম্বারবিহীন দুটি মোটরসাইকেলও জব্দ করে পুলিশ।
অভিযানে নেতৃত্বদানকারী কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, মাদক ও সন্ত্রাসবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আটককৃতরা হলেন কক্সবাজার শহরের ৩ নম্বর ওয়ার্ডের এন্ডারসন রোড এলাকার বাসিন্দা ফয়সাল আক্তার এবং জাহিদ হাসান।
পুলিশ জানিয়েছে, কক্সবাজারে মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।