পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযান: ১০ লাখ টাকার ইলেকট্রনিক্স পণ্যসহ আটক ২
জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি: চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহন করা বিপুল পরিমাণ ইলেকট্রনিক্স সামগ্রী জব্দ এবং দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় যে, পতেঙ্গা থানার ১০ নম্বর ঘাট এলাকার পন্টুনে অবস্থানরত একটি বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ ইলেকট্রনিক্স পণ্য খালাস করা হবে। এ তথ্যের ভিত্তিতে গত বুধবার (১৭ জুন) ভোর ৫টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে একটি সন্দেহভাজন ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় ১০ লাখ ৫২ হাজার ৮০০ টাকা মূল্যের বিভিন্ন ইলেকট্রনিক্স সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ১টি ফ্রিজ, ১টি ডিপ ফ্রিজ, ২টি ওয়াশিং মেশিন, ১টি পোর্টেবল এসি, ৪টি ফুল ইউনিট এসি এবং ১টি আউটডোর এসি। একই সঙ্গে চোরাচালান কাজে ব্যবহৃত ট্রাক জব্দ এবং দুই চোরাকারবারিকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, জব্দকৃত মালামাল ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড আরও জানায়, উপকূলীয় অঞ্চলে চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।