লালমাইয়ে অগ্নিকাণ্ডে বসতবাড়ি ভস্মীভূত, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও শুভাশিস বিশ্বাস
লালমাই (কুমিল্লা) প্রতিনিধি:- কুমিল্লার লালমাই উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল আনুমানিক ৭টায় উপজেলার ভুলইন উত্তর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চন্দ্রপুর গ্রামের জমাদ্দার বাড়ির বাসিন্দা মো. জিন্নাত আলীর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হঠাৎ করে বাড়িটিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে ঘরের আসবাবপত্র, পরিধেয় বস্ত্র, নগদ অর্থসহ প্রয়োজনীয় সকল সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। এতে পরিবারটি সর্বস্ব হারিয়ে মানবেতর অবস্থার মধ্যে পড়ে।
অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভাশিস বিশ্বাস দাস। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি সমবেদনা জানান।
এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরি মানবিক সহায়তা হিসেবে চাল, ডালসহ বিভিন্ন প্রয়োজনীয় ত্রাণসামগ্রী ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
ইউএনও শুভাশিস বিশ্বাস দাস বলেন, “অগ্নিকাণ্ডের ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো হয়েছে। তাৎক্ষণিক ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে এবং সরকারি বিধি-বিধান অনুযায়ী পরিবারটির পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরিদর্শনকালে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংকটময় মুহূর্তে উপজেলা প্রশাসনের দ্রুত সহায়তা ও মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার এবং স্থানীয় বাসিন্দারা।