এমপিওভুক্তির দাবিতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধার চারদিন পরেও আন্দোলন অব্যাহত রেখেছেন স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা
মো. মফিদুল ইসলাম সরকার: এমপিওভুক্তির দাবিতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধার চারদিন পরেও আন্দোলন অব্যাহত রেখেছেন স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে চলমান অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তারা দ্রুত এমপিওভুক্তির ঘোষণা দাবি করেছেন।
আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা বেতন-ভাতাবিহীন মানবেতর জীবনযাপন করছেন। এ অবস্থার অবসানে এমপিওভুক্তির দাবিতে তারা ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছেন।
গত ১১ জুন শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালনকালে সচিবালয়ের দিকে অগ্রসর হলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় কয়েকজন সমন্বয়ককে আটক করা হলেও পরে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের প্রতিবাদের মুখে তাদের ছেড়ে দেওয়া হয়। ওই ঘটনার চারদিন পার হলেও এখনো দাবি পূরণে সরকারের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট ঘোষণা না আসায় আন্দোলন আরও জোরদার করার প্রস্তুতির কথা জানিয়েছেন নেতারা।
আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলন করছি। এমপিওভুক্তির বিষয়ে দ্রুত কার্যকর সিদ্ধান্ত না এলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
অবস্থান কর্মসূচিতে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত শিক্ষক-কর্মচারীরা অংশ নেন। তারা দাবি করেন, শিক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হয়েও নন-এমপিও শিক্ষকরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছেন। তাই দ্রুত তাদের এমপিওভুক্তির আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।
শিক্ষক নেতারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।