টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযান: ১০টি তাজা গ্রেনেড, ২৬ রাউন্ড তাজা গোলা ও ২ কেজি গাঁজা উদ্ধার
কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের জাদিমুড়া সংলগ্ন নাফ নদী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গ্রেনেড, তাজা গোলা ও মাদক উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
রবিবার (১৪ জুন) দুপুরে জাদিমুড়া বৌদ্ধ মন্দির সংলগ্ন লবণ মাঠে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে টেকনাফ কোস্ট গার্ড স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট মোক্তাদীন ছিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে যে, মিয়ানমারের একটি সশস্ত্র গোষ্ঠী টেকনাফের সাবরাং জাদিমুড়া এলাকার নাফ নদী সংলগ্ন সীমান্ত ব্যবহার করে পরিবহনের উদ্দেশ্যে মাটির নিচে বিপুল পরিমাণ গোলাবারুদ ও গ্রেনেড মজুত করে রেখেছে। এ তথ্যের ভিত্তিতে গত শনিবার (১৩ জুন) রাতে উক্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে জাদিমুড়া এলাকায় মাটির নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় মিয়ানমার সামরিক বাহিনীতে ব্যবহৃত ২টি 36M Mk-1 হ্যান্ড গ্রেনেড, ৮টি 40 mm HEDP গ্রেনেড, ২৬ রাউন্ড ৭.৬২ মিমি তাজা গোলা এবং ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা অন্ধকারের সুযোগে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে তাদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলে জানানো হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে আরও বলা হয়, উদ্ধারকৃত এসব ধ্বংসাত্মক গোলাবারুদ অসৎ ব্যক্তিদের হাতে পড়লে কিংবা কোনোভাবে বিস্ফোরিত হলে সাধারণ মানুষের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারত। কোস্ট গার্ডের সময়োপযোগী অভিযানের ফলে সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করা সম্ভব হয়েছে।
উদ্ধারকৃত গ্রেনেড, গোলাবারুদ ও মাদক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সংস্থার কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং সীমান্ত এলাকায় সশস্ত্র গোষ্ঠীর অপতৎপরতা, মাদক পাচার, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।