কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে উদবাতুল বারী আবু নিয়োগ
(নিজস্ব প্রতিবেদক)সরকার কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ (কুডা)-এর চেয়ারম্যান পদে উদবাতুল বারী আবুকে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর ধারা ৮(১) অনুযায়ী তাকে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য চেয়ারম্যান (গ্রেড-২) পদে নিয়োগ দেওয়া হয়েছে। তবে এ পদে যোগদানের পূর্বে তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে।
এতে আরও বলা হয়, নিয়োগের অন্যান্য শর্তাবলি চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী।
প্রজ্ঞাপনটি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও কর্মকর্তাদের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে। :::