টেকনাফে র্যাবের অভিযানে ৫ লাখ পিস ইয়াবাসহ দুই মিয়ানমার নাগরিক আটক
কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নে অভিযান চালিয়ে ৫ লাখ পিস ইয়াবাসহ দুই মিয়ানমার নাগরিককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)।
র্যাব সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ জুন) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং খালের দক্ষিণ পাশে মন্ডলপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইয়াবার একটি বড় চালান নিয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করার সময় দুই মাদক কারবারিকে আটক করা হয়। তবে অভিযানের সময় তাদের সহযোগী আরও ৪ থেকে ৫ জন পালিয়ে যেতে সক্ষম হয়।
আটক ব্যক্তিরা হলেন মিয়ানমারের আরাকান রাজ্যের বাসিন্দা মো. সাজেদ (৩২) ও এনামুল হাসান (৩৩)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৫ লাখ পিস ইয়াবা ট্যাবলেট।
র্যাবের দাবি, আটক দুজন আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে সীমান্ত ব্যবহার করে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত ছিলেন।
র্যাব-১৫ জানায়, উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য কয়েক কোটি টাকা। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।