পলাশবাড়ীতে এশিয়ার বৃহৎ রামমূর্তি অপসারণ ও অর্থায়ন তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন
মোঃ রেজাদুল ইসলাম রেজা স্টাফ রিপোর্টার :- গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় নির্মাণাধীন ‘এশিয়ার সর্ববৃহৎ রামমূর্তি’ অপসারণ এবং এর অর্থায়নের উৎস তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় ওলামায়ে কেরাম ও ইসলামী দলের নেতারা।
(১০ ই জুন ২০২৬) বুধবার পলাশবাড়ীতে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, প্রকল্পের অর্থায়নের উৎস, উদ্দেশ্য ও কার্যক্রম নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে বিষয়টি সংশ্লিষ্ট সরকারি সংস্থার মাধ্যমে নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলাম গাইবান্ধার সভাপতি মাওলানা আব্দুল বাসেত, ইমাম-উলামা পরিষদ গাইবান্ধার সভাপতি মুফতি মাহমুদুল হাসান, সেক্রেটারি মুফতি মানছুর রহমান খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা মাওলানা ছাদেকুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা শাহ আলম ফারাজী ও মাওলানা তসলিম উদ্দিনসহ স্থানীয় আলেম-ওলামা উপস্থিত ছিলেন।
বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনমনে সৃষ্ট উদ্বেগ দূর করতে এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা জরুরি। তারা শান্তিপূর্ণ ও আইনানুগ উপায়ে দাবি আদায়ের ওপর গুরুত্বারোপ করেন। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।