টেকনাফে বিজিবির বিশেষ অভিযানে ১ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ মাদক কারবারি
কক্সবাজারের সীমান্তবর্তী উপজেলা টেকনাফে মাদকবিরোধী বিশেষ অভিযানে বড় ধরনের সাফল্য অর্জন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে পাচারকালে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক কারবারিকে আটক করেছে বিজিবি। একই সঙ্গে পাচার কাজে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকাও জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) সকালে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ টেকনাফ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পরিচালিত একটি বিশেষ অভিযানে এ সাফল্য অর্জিত হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, মিয়ানমার থেকে তিনজন ব্যক্তি একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকাযোগে বিপুল পরিমাণ ইয়াবার চালান নিয়ে টেকনাফ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এমন তথ্য পাওয়ার পর টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনায় সীমান্তবর্তী জিন্নাখাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।
পরিকল্পনা অনুযায়ী বিজিবির একটি আভিযানিক দল সকাল ১০টা থেকে জিন্নাখাল এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে। পরে সকাল আনুমানিক ১০টা ৫০ মিনিটের দিকে মিয়ানমারের অভ্যন্তর থেকে একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা নাফ নদী হয়ে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা বিজিবির বিশেষ টহল দল নৌকাটিকে ঘিরে ফেলে এবং আটক করে।
এ সময় নৌকাটি তল্লাশি চালিয়ে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি ইয়াবা পাচারের সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয় এবং পাচার কাজে ব্যবহৃত নৌকাটি জব্দ করা হয়।
বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট এবং জব্দকৃত ইঞ্জিনচালিত কাঠের নৌকার আনুমানিক সিজার মূল্য ৩ কোটি ৯০ লাখ ৮০ হাজার টাকা।
এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক বলেন,
“বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান এবং সকল ধরনের অবৈধ পণ্য পাচার প্রতিরোধে সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত অপরাধ দমনে টেকনাফ ব্যাটালিয়নের গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে মাদক প্রবেশ রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় কঠোর অবস্থানে থাকতে হবে।