কালিগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম আলহাজ্ব জি.এম. সুরত আলীর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
বালিগঞ্জ ব্যুরোঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান, রতনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক, কদমতলা সুরত আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং জাতীয় ধারাভাষ্যকার ও শিক্ষক ইসমাইল হোসেন মিলনের নানা মরহুম আলহাজ্ব জি.এম. সুরত আলীর রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ জুন) জুমার নামাজের পর মরহুমের পরিবারের পক্ষ থেকে এবং বড় ছেলে, সাতক্ষীরা জজ কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মিজানুর রহমানের সার্বিক আয়োজনে কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের কদমতলা পীরগাজন দিঘীরপাড় জামে মসজিদ এবং মরহুমের নিজ বাসভবনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।দোয়া মাহফিলে কালিগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ অংশগ্রহণ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার বর্ণাঢ্য কর্মময় জীবনের নানা স্মৃতি তুলে ধরেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গুনাকরকাটি খায়রিয়া আজিজিয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হযরত মাওলানা রবিউল ইসলাম।
উপস্থিত ছিলেন পীরগাজন দিঘীরপাড় জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমান, মাওলানা আব্দুস সবুর, হাফেজ আবুল হাসান, সাবেক খতিব মাওলানা মজিবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।উল্লেখ্য, আলহাজ্ব জি.এম. সুরত আলী ছিলেন একজন জননন্দিত জনপ্রতিনিধি ও নিবেদিতপ্রাণ সমাজসেবক। তিনি ১৯৯২ সালে কালিগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ১৯৮২ সালে রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়াও তিনি দুইবার ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত হন। শিক্ষা বিস্তার ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে তিনি অসামান্য অবদান রেখে গেছেন। কদমতলা সুরত আলী মাধ্যমিক বিদ্যালয়সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, সভাপতি ও পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
প্রসঙ্গত ঈদুল আজহার আগের দিন, গত ২৭ মে ২০২৬ তারিখে শারীরিক অসুস্থতাজনিত কারণে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি১ স্ত্রী, চার ছেলে, পাঁচ মেয়ে, নাতি-নাতনি এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
অনুষ্ঠান শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
ছবিঃ সাতক্ষীরার কালিগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম আলহাজ্ব জি.এম. সুরত আলীর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে উপস্থিত মুসলিবৃন্দ।