সেন্টমার্টিনে কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্পেইন; ৪৪১ জনকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ
জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি: দূরবর্তী দ্বীপাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেন্টমার্টিনে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার (৩ জুন ২০২৬) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কোস্ট গার্ড জাহাজ মনসুর আলী এর ব্যবস্থাপনায় কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিনে একটি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
কোস্ট গার্ড সূত্র জানায়, ক্যাম্পেইনের মাধ্যমে দ্বীপের অসহায়, দুঃস্থ, নিম্ন আয়ের মানুষ ও শিশুদের স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এ সময় মোট ৪৪১ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড প্রতিষ্ঠালগ্ন থেকে উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর অংশ হিসেবে নিয়মিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, মানবিক ও জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।