জমি দখলের নৃশংস চেষ্টা: বাধা দিতে গিয়ে রক্তাক্ত দুই নারী, বিচার চায় অসহায় পরিবার
মোঃ আবদুল্লাহ (আল্-মামুন):কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাকের মোহাম্মদ চর এলাকায় জমি জবরদখলকে কেন্দ্র করে সংঘটিত হামলার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে । অভিযোগ উঠেছে, বহিরাগত ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী নিয়ে জমি দখলের চেষ্টা চালানো হলে বাধা দিতে গিয়ে দুই নারীসহ তিনজন গুরুতর আহত হন । আহতদের মধ্যে দুই নারী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, সোমবার (২৫ মে) দুপুর আনুমানিক ১২টার দিকে জাফর আলম কাজল (প্রকাশ কাজল), পিতা- আব্বাস আহমেদ, বহিরাগত ভাড়াটিয়া লোকজনসহ এডভোকেট মোর্শেদুল ইসলাম রুবেল গংয়ের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘটনাস্থলে হামলা চালায় । এ সময় তারা জোরপূর্বক জমি দখলের চেষ্টা করলে স্থানীয়রা প্রতিবাদ জানায় । এর জেরে হামলাকারীরা নারী-পুরুষ নির্বিশেষে মারধর শুরু করে বলে অভিযোগ করা হয়েছে ।
হামলায় জাহেদা বেগম (স্বামী- মৃত ফরিদুল আলম), রোহানা বেগম (স্বামী- রফিকুল ইসলাম) এবং জিয়াবুল করিম গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, হামলাকারীদের আঘাতে ঘটনাস্থল রণক্ষেত্রে পরিণত হয় । আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় ।
পরিবারের সদস্যরা দাবি করেছেন, শুধু হামলাই নয়, ঘটনাকালে ঘরে থাকা মালামাল ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে । তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে জমিটি দখলের পাঁয়তারা চলছিল এবং পরিকল্পিতভাবেই এ হামলা পরিচালিত হয়েছে ।
বর্তমানে আহত দুই নারীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা । ঘটনার পর থেকে ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলেও অভিযোগ উঠেছে ।
এ ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে ভুক্তভোগী পরিবার প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেছে । তারা অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত, দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ।
স্থানীয় সচেতন মহলের মতে, ভূমি সংক্রান্ত বিরোধের নামে নারী নির্যাতন ও সন্ত্রাসী হামলার ঘটনা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। তারা দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ।