বাংলাদেশে ন্যায়বিচার ও মানবিক নিরাপত্তা নিশ্চিতের আহ্বান উদ্বেগ প্রকাশ করল “দেশবন্ধু” রেমিটেন্স যোদ্ধা সংসদ
মো: মফিদুল ইসলাম সরকার:
বাংলাদেশে শিশু নির্যাতন, সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদ। সংগঠনটির পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, সম্প্রতি এক শিশুর উপর ঘটে যাওয়া নির্মম ঘটনার পরও তার পরিবার প্রকাশ্যে বিচার দাবি করতে অনীহা বা নীরব অবস্থানে রয়েছে, যা সমাজে ভয় ও নিরাপত্তাহীনতার চিত্র ফুটিয়ে তোলে।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় আহ্বায়ক এডভোকেট এ এন এম ঈসা এবং সদস্য সচিব এম এ রউফ এক যৌথ বিবৃতিতে বলেন, একটি শিশুর কান্না কিংবা নির্যাতিত মানুষের আর্তনাদ কখনোই উপেক্ষার বিষয় হতে পারে না। বিচার চাওয়া কোনো অপরাধ নয়; বরং ন্যায়বিচার প্রতিষ্ঠা করা রাষ্ট্র, সমাজ ও মানবতার দায়িত্ব।
বিবৃতিতে আরও বলা হয়, একজন পিতা সাধারণত সন্তানের নিরাপত্তা ও ন্যায়বিচারের সবচেয়ে বড় আশ্রয়স্থল। কিন্তু যখন কোনো পরিবার ভয়, চাপ বা নিরাপত্তাহীনতার কারণে নীরব হয়ে যায়, তখন তা সমাজের গভীর সংকটের ইঙ্গিত বহন করে।
সংগঠনটি সংশ্লিষ্ট প্রশাসন, মানবাধিকার সংগঠন, গণমাধ্যম ও সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে—ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে এগিয়ে আসতে হবে এবং এমন পরিবেশ নিশ্চিত করতে হবে, যাতে কোনো পরিবার ভয় বা চাপের কারণে বিচার চাইতে পিছিয়ে না যায়।
বিবৃতির শেষাংশে বলা হয়,“আমরা প্রতিশোধ চাই না, আমরা ন্যায়বিচার চাই। কারণ বিচারহীনতা শুধু একটি পরিবারকে নয়, পুরো সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দেয়।”
প্রচার সম্পাদক রিমন হোসেন এবং বাংলাদেশ মহিলা কমিটির সভাপতি লায়ন শাহিদা পারভীন রতনা এ আহ্বানের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।