কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরে নতুন কমিটি গঠন, আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব মো. খালিদ হাসান
মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি:‘আমরা জুলাই যোদ্ধা’ সংগঠনের কেন্দ্রীয় কমিটি গাইবান্ধা জেলা আহ্বায়ক কমিটিকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন প্রদান করেছে। সংগঠনটির কার্যক্রমকে জেলা পর্যায়ে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।
গত ১১ মে ২০২৬ তারিখে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলাম ইমন এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল মিরাজ স্বাক্ষরিত এক অনুমোদনপত্রের মাধ্যমে ৪১ সদস্যবিশিষ্ট এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে আমিনুল হককে আহ্বায়ক এবং মো. খালিদ হাসানকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যদের নিয়ে একটি পূর্ণাঙ্গ কাঠামো গঠন করা হয়েছে, যা জেলার বিভিন্ন পর্যায়ে সংগঠনের কার্যক্রম পরিচালনায় ভূমিকা রাখবে।
সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয় রাজধানীর রমনা থানাধীন ৫৪, ইস্কাটন গার্ডেন রোডে অবস্থিত ঢাকা মেট্রোপলিটন স্কাউট ভবনের ২য় তলায়। কেন্দ্রীয় নেতৃবৃন্দ জানিয়েছেন, দেশের বিভিন্ন জেলায় সংগঠনকে শক্তিশালী করার অংশ হিসেবে ধারাবাহিকভাবে জেলা কমিটি গঠন ও অনুমোদন দেওয়া হচ্ছে।
কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, নবগঠিত গাইবান্ধা জেলা আহ্বায়ক কমিটি সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি তরুণ সমাজকে সংগঠিত করা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করবে এই কমিটি।
স্থানীয় নেতাকর্মীদের মধ্যেও নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তারা আশা করছেন, এই কমিটির মাধ্যমে গাইবান্ধা জেলায় সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে এবং সাধারণ মানুষের মাঝে ইতিবাচক প্রভাব ফেলবে।