স্বামী-স্ত্রীর সংসার, আড়ালে ইয়াবা কারবার! পেকুয়ায় নারীসহ আটক ৩
কক্সবাজারের পেকুয়া উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে নারীসহ তিনজন কথিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে পেকুয়া থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ৩টি মোবাইল ফোন এবং মাদক সরবরাহ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য।
রবিবার (১১ মে) রাত সাড়ে ১১টার দিকে পেকুয়া চৌমুহনী এলাকার মৌলভী নুরুল হক চৌধুরী মার্কেট সংলগ্ন বদরখালী সিএনজি স্টেশনে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন পেকুয়া থানার এসআই মো. সাজ্জাদ চৌধুরী।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সন্দেহভাজন তিনজনকে আটক করে তল্লাশি চালানো হয়। পরে তাদের কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি জব্দ করা হয় ৩টি মোবাইল ফোন, যেগুলোতে মাদক কেনাবেচা ও সরবরাহ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন— টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মৃত দুদু মিয়ার ছেলে ইমাম হোসেন (৪০), তার স্ত্রী নুর জাহান (৩৫) এবং হোয়াইক্যং উত্তর পাড়ার ফরিদ আলমের মেয়ে রুমি আক্তার (২১)।
পেকুয়া থানা পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। একইসঙ্গে মাদক কারবারের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত আছে।
স্থানীয় সচেতন মহল বলছে, সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা পাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর এমন ধারাবাহিক অভিযান আরও জোরদার করা প্রয়োজন।